বিশ্বজিৎ হত্যা মামলায় ২১ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল
পুরান ঢাকার বিশ্বজিৎ হত্যা মামলায় ২১ ছাত্রলীগ কর্মীকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। গণমাধ্যমে প্রকাশিত ছবি অনুযায়ী ঘটনার মূল হোতা শাকিলসহ আসামিদের সবাই ছাত্রলীগ কর্মী।
মঙ্গলবার সকাল ১১টায় মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর তাজুল ইসলাম ঢাকার সিএমএম আদালতে এ চার্জশিট দাখিল করেন।
চার্জশিটে যে ২১ জনকে আসামি করা হয়েছে তার মধ্যে ৭ জন গ্রেপ্তার রয়েছে।
৬০ জনকে এ মামলার সাক্ষী করা হয়েছে।
এই ২১ আসামি ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার কর্মী।
বিশ্বজিৎ হত্যাকাণ্ডের ২ মাস ২৪ দিন পর আদালতে এ অভিযোগপত্র দেওয়া হলো।
গতবছরের ৯ ডিসেম্বর পুরান ঢাকায় হরতাল চলাকালে ভিক্টোরিয়া পার্কের কাছে দরজি বিশ্বজিৎকে দাসকে গণমাধ্যমের সামনে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।