দেশের প্রথম ই-বাণিজ্য মেলার স্টল বরাদ্দ ও স্পন্সরদের তালিকা ঘোষণা করা হয়েছে। মেলা উপলক্ষে শনিবার (২ ফেব্রুয়ারি) বেসিস এর সেমিনার কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় লটারির মাধ্যমে এক্সিবিটরদের মধ্যে বণ্টন করা হয় ২০টি স্টল। একই সাথে টেলিটক থ্রিজি ও সেলবাজার-কে মেলার প্লাটিনার স্পন্সর এবং বিকাশ ও এসএসএলকমার্জ–কে গোল্ড স্পন্সর হিসেবে ঘোষণা করা হয়।
মেলা আয়োজক এবং মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের (এক্সিবিটর) উপস্থিতিতে এ প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেলার আহ্বায়ক মো. আব্দুল ওয়াহেদ তমাল, মাসিক কম্পিউটার জগত এর সহকারী সম্পাদক এম এ হক অনু এবং মেলার গোল্ড স্পন্সর এসএসএল কমার্জ-এর নির্বাহী পরিচালক সাইফুর রহমান।
এহতেশাম উদ্দিন মাসুমের সঞ্চালনায় প্রস্তুতি সভায় মেলার বিভিন্ন দিক নিয়ে আয়োজক এবং এক্সিবিটরদের মধ্যে আলোচনা হয়। এছাড়া আয়োজকদের পক্ষ থেকে মেলার সার্বিক অগ্রগতি এবং প্রচার-প্রচারনা সম্পর্কে আলোচনার পাশাপাশি সভায় বিভিন্ন এক্সিবিটর মেলা নিয়ে তাদের বিভিন্ন পরিকল্পনার কথা জানান এবং আয়োজকদের সাথে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান দর্শকদের আকৃষ্ট করার লক্ষ্যে বিভিন্ন আকর্ষণীয় অফার ও উপহার দেয়ার প্রতিশ্রুতি দেন। প্রতিষ্ঠানগুলো ই-বাণিজ্য মেলায় তাদের প্রদর্শিত সেরা পণ্য ও সেবাসমূহ দর্শকদের সামনে উপস্থাপন করবে বলে জানায়।
এদের মধ্যে মোবাইল অপারেটর সিটিসেল তিন দিনব্যাপী এই মেলায় তাদের ‘ওয়েবশহর’ প্রজেক্টটিকে গুরুত্বের সাথে তুলে ধরার প্রতিশ্রুতি দেয়। একইভাবে রাষ্ট্রায়ত্ত্ব মোবাইলফোন অপারেটর টেলিটক থ্রিজি সহ অন্যান্য অংশ নেয়া প্রতিষ্ঠান তাদের সেরা পণ্য বা সেবা সম্পর্কে দর্শনার্থীদের জানাবে এবং তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবে।
আয়োজকদের পক্ষ থেকে আরো জানানো হয় যে মেলা প্রাঙ্গণে মোট ৮টি প্যাভিলিয়নসহ মোট ৪০টি স্টল থাকবে। এসব স্টলে সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৩১টি প্রতিষ্ঠান অংশ নেবে।
মেলার ভেন্যুতে একটি বিশেষ কর্নার থাকবে যেখানে প্রতিদিনের কুইজ প্রতিযোগিতা এবং গিফট সংক্রান্ত বিভিন্ন তথ্য জানা যাবে। এছাড়া মেলায় একটি ফুড কর্নারও থাকবে।
দেশের সর্বাধিক পঠিত আইসিটি ম্যাগাজিন মাসিক কম্পিউটার জগতের উদ্যোগে আয়োজিত ই-বাণিজ্য মেলা ২০১৩ আগামী ৭ ফেব্রুয়ারি ঢাকার শাহবাগে অবস্থিত সুফিয়া কামাল জাতীয় গ্রন্থাগারে শুরু হয়ে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।


